বাগেরহাটে চেম্বার অব কমার্সের সাধারণ সভা

ব্যবসা-বাণিজ্য ও জেলার উন্নয়নে তাগিদ

ব্যবসা-বাণিজ্য ও জেলার উন্নয়নে তাগিদ

বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরো গতিশীল করার লক্ষ্যে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চেম্বার ভবনে আয়োজিত সভায় জেলার বর্তমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং তা সমাধানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেকসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরো গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো উল্লেখ করেন, কেবল একক কোনো প্রচেষ্টায় জেলার উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বাড়লে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...