চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ভাই

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ভাই
প্রতিকী ছবি (সংগৃহীত)

যশোরের চৌগাছায় ছুরিকাঘাতে ঝন্টু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই আশানুর রহমান (২৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ সাগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝন্টু চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ফুপাতো ভাই আবু সাইদ জানান, গত ১৮ মে সকালে দক্ষিণ সাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্তি নিহত ঝন্টুর স্কুলপড়ুয়া মামাতো বোনকে জোর করে তুলে নিয়ে যায়। ওই মেয়েকে ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় ঝন্টু, তার ভাই আশানুর রহমানসহ ৭ থেকে ৮ জন দক্ষিণ সাগর গ্রামে যান।

তিনি আরও জানান, তারা দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দাউদ হোসেনের ছেলে আবু উবাইদা ঝন্টুকে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে আশানুর রহমানকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আশানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন