সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান এবং ফুফাতো ভাই তামিম।

জানা গেছে, ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে আসামিদের সঙ্গে জাকারিয়ার বিরোধ হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার নাহিদসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন