হাসপাতালে শিশুর করুণ মৃত্যু

সাতক্ষীরায় শিশুকে বিষ খাইয়ে মায়ের বিষপান

সাতক্ষীরায় শিশুকে বিষ খাইয়ে মায়ের বিষপান

সাতক্ষীরার ধূলিহরে বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে পারিবারিক কলহের জের ধরে ১৮ মাসের শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ পান করেছেন মনোয়ারা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশু ইব্রাহিম হোসেনের করুণ মৃত্যু হয়েছে। গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অবুঝ শিশু ইব্রাহিম।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ মনোয়ারা খাতুনের স্বামী আলমগীর হোসেনের (৫০) মূল বাড়ি সাতক্ষীরা শহরতলীর তালতলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ধূলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছেন।

গৃহবধূর স্বামী আলমগীর হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রোবার সকালে ঘরের বিদ্যুৎ বিলের টাকা দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার সামান্য কথাকাটাকাটি হয়। এরপর তিনি কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেলে বাড়িতে থাকা সবজিক্ষেতে ব্যবহারের কীটনাশক নিজে পান করেন এবং ১৮ মাসের শিশুপুত্র ইব্রাহিমকেও পান করান।

বিষয়টি টের পেয়ে স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে ব্রহ্মরাজপুর বাজারের স্থানীয় পল্লি চিকিৎসক জিয়াউর রহমানের কাছে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি শিশু ইব্রাহিমের আশঙ্কাজনক অবস্থা দেখে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং মায়ের স্থানীয় চিকিৎসা শুরু করেন। পরবর্তীকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশু ইব্রাহিম মৃত্যুবরণ করে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা ইনচার্জ মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনার খবর পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন