বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্যদূরীকরণ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সম্মেলনে ১৪ দফা দাবি উত্থাপন করে তা অন্তর্বর্তী সরকারকে মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি প্রভাষক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কোরবান আলী । তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক ড. খলিলুর রহমান মাদানী , অধ্যাপক মুহা. রবিউল ইসলাম, অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজান মাদানি, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লবের সুফল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে।
তাদের দাবি সমূহের অন্যতম
সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতাসহ ও অন্যান্য সকল সুযোগ সুবিধা চাকুরি বিবি অনুযায়ী প্রদান করতে হবে।
বেসরকারি এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি থেকে অবসর গ্রহণের ছয়মাসের মধ্যে কল্যাণ ও অবসর তহবিলের টাকা পরিশোধ করতে হবে। কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ নৈতিক ও মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। প্রতি গ্রামে সরকারিভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও সরকারিভাবে জমি বরাদ্দ দিতে হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

