সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানের সূচনা হয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বহুজন বহু বছর পর দেখা করার সুযোগে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কুশল বিনিময়, স্মৃতিচারণ ও পুনর্মিলন মিলিয়ে গোটা আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সফলতা মানে কেবল ধন-সম্পদ নয়; প্রকৃত সফলতা আসে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ থেকে।
তিনি জানান, সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত বহুপ্রতীক্ষিত সড়ক নির্মাণকাজ আগামী দু’সপ্তাহের মধ্যেই শুরু হবে।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা. আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক চেয়ারম্যান, এনবিআর এবং বর্তমান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএস) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তারা বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানই তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনায় ছিলেন সাবেক শিক্ষার্থী আবু হোসেন বাবলু।
৭০ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য ও ছবি সংবলিত একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। দিনব্যাপী চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বক্তব্য।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

