প্রশাসনের আশ্বাসে চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল ৮টায় খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন শুরু করেছে শ্রমিকরা।
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান, প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে তারা কর্মবিরতি আপাতত স্থগিত করেছেন। সকাল ৮টার পর ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে।
পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শুরু হয়েছে জ্বালানি তেল উত্তোলন।
এর আগে রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

