আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোংলায় চিংড়িঘের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় চিংড়িঘের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

বাগেরহাটের মোংলা উপজেলায় চিংড়ি ঘের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোংলা পৌর শাখার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি ও বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এছাড়া ওহিদ, ফরিদ, সোহরাফ ও আলাম নামে আরও চারজনকে আটক করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ি এলাকায় ৩০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। এ সময় কালীকাবাড়ি ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়দের অভিযোগ, মোহন নামে এক বিএনপি নেতার মালিকানাধীন ঘেরটি দখলের চেষ্টা করেন সেলিম হাওলাদার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন