মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাদুরপাল্টা বাজার মাঠে স্থানীয় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. হারুন মৃধা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা দাবি করেন, পশ্চিম বাজিকরেরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোংলা থানায় দায়ের করা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃধা ফারুকুল ইসলামকে আসামি করা হয়েছে।

তাদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করছে।

বক্তারা বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের মতে, সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যাবে না। তাই তারা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম মৃধা, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা এনসিপির আহ্বায়ক মৃধা মাজিদুল ইসলাম, যুবনেতা নাজমুল মোল্লা, অনিক মোল্লা,

৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুছা আকন, সুন্দরবন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শুকুর আলী সুমন, ছাত্রনেতা সাব্বির এবং মহিলা নেত্রী তাহমিনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ অংশ নেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা আশা প্রকাশ করেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...