৪ বছরের শিশুকে স্টেশনে রেখে

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী মায়ের আত্মহত্যা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী মায়ের আত্মহত্যা
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪ বছরের এক শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণী মা আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনায় শিশুটি অক্ষত রয়েছে। বর্তমানে তাকে রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই তরুণী হঠাৎ রেললাইনে নেমে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। শিশুটি প্ল্যাটফর্মে থাকায় কোনো আঘাত পায়নি।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত আহত তরুণীকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, নিহত তরুণীর কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, শিশুটি নিরাপদে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন