শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
ছবি: আমার দেশ

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৯টায় উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ ইসলাম (৩৫) এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে উষা রহমান (৩০)। আহত রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাহিদ, উষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। তারা রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই নাহিদ ইসলাম ও উষা রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাক্টরটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রুদ্রপুর-গোগা সড়কে নিয়মিতভাবে ইটবোঝাই ট্রাক্টর ও ভারি যানবাহন চলাচল করলেও অনেক ক্ষেত্রেই চালকেরা বেপরোয়া গতিতে যানবাহন চালান। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন