চলন্ত বাসে ইবির সিনিয়র-জুনিয়রের মারামারি

চলন্ত বাসে ইবির সিনিয়র-জুনিয়রের মারামারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুষ্টিয়াগামী চলন্তবাসে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী বাসে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জুনিয়র শিক্ষার্থী হৃদয়ের নাক, কানের নিচে এবং পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্যদিকে আইসিটি বিভাগের আবু সাঈদও হাতে আঘাত পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাস থেকে বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বাসের ওপর তলায় উচ্চস্বরে কথাবার্তা ও গল্পগুজব করছিলেন। এতে ভুক্তভোগী হৃদয়সহ বেশ কয়েকজন শিক্ষার্থী অস্বস্তি ও বিরক্তি বোধ করেন। বাস থেকে নামার সময় বিরক্তির বিষয়টি আইসিটি বিভাগের শিক্ষার্থীদের জানিয়ে এ ধরনের কাজ না করার অনুরোধ জানান বাংলা বিভাগের হৃদয়ের বন্ধু বাপ্পি ও অন্যান্যেরা। এ সময় তারা আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সেশন জিজ্ঞেস করে বাসে চিল্লাচিল্লি করতে নিষেধ করেন।

এ সময় উভয়েই পরস্পরের সেশন কত তা জানতে চাইলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে দুই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে তাদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন