যশোরের চৌগাছায় বেপরোয়া পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তার অপর দুই সহপাঠী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন (১৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহতরা হলো—একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)। তারা তিনজনই স্থানীয় চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলে চড়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত অপর দুই শিক্ষার্থীর আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

