বাগেরহাটের মোংলা বাসস্ট্যান্ডে দীর্ঘদিনেও নির্মাণ হয়নি যাত্রীছাউনি। ফলে প্রতিদিন হাজারো যাত্রীকে তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি বেশি।
মোংলা বন্দরনগরীর গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ড থেকে খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন রুটে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু যাত্রীদের জন্য এখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা কিংবা মাথার ওপর ছাউনি। বৃষ্টি হলে ভিজতে হয়, আবার রোদে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়।
বাসের অপেক্ষায় থাকা যাত্রী বিপ্লব মন্ডল বলেন, রোদ-বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। কাগজপত্রে যাত্রীছাউনি থাকার কথা শোনা গেলেও বাস্তবে সেটি দেখা যায়নি। দ্রুত যাত্রীছাউনি নির্মাণের দাবি জানান তিনি।
আরেক যাত্রী অতনু রাজু বলেন, নারী, শিশু ও বয়স্কদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করা খুবই কষ্টকর। বৃষ্টিতে ভিজতে হয়, আবার প্রচণ্ড রোদেও দাঁড়িয়ে থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা আবুবকর সিদ্দিক বলেন, মোংলা দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দরনগরী। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। অথচ প্রধান বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য একটি ছাউনিও নেই। বিষয়টি দুঃখজনক।
স্থানীয়দের অভিযোগ, যাত্রীছাউনি নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে প্রকল্প বা পরিকল্পনার কথা বলা হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয় যাত্রীদের দাবি, শুধু আশ্বাস নয়, যাত্রীছাউনি নির্মাণের প্রকল্পের বর্তমান অবস্থা, বরাদ্দ, বাস্তবায়নকারী সংস্থা এবং কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হোক।
তাদের প্রত্যাশা, আধুনিক যাত্রীছাউনিতে পর্যাপ্ত বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি, আলো ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।
দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত নির্মাণকাজ শুরু হবে—এমনটাই চান তারা।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, যাত্রীছাউনি নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আমার দেশকে বলেন, মোংলা বাসস্ট্যান্ডে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রীছাউনি নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

