বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুস্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুস্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, যশোর জেলা আমির মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমির এম বি বাকের, কুস্টিয়া জেলা আমির এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমির মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে আজ জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

