নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না: হাসনাত আব্দুল্লাহ

চিতলমারী ও বাগেরহাট প্রতিনিধি

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জনগণের কাছে এসেছি। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। দেশ গঠনে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি জনগণের সহযোগিতা চায়।

তিনি আরও বলেন, আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের কথা তুলে ধরছেন। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি আরও বড় পরিসরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে।

শেখ পরিবারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

পথসভায় হাসনাত আব্দুল্লাহ চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দেন এবং আগামী উপজেলা নির্বাচনে তাঁর জন্য ভোট চান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।

চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু।

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহীদ হাসান, নারী শক্তির নেত্রী আজবীন আরবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন