সুন্দরবনে চার জেলে উদ্ধার, দস্যুদের হাতে জিম্মি আরো ১৭ জন

সুন্দরবনে চার জেলে উদ্ধার, দস্যুদের হাতে জিম্মি আরো ১৭ জন

সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ২১ জেলের মধ্যে চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে বনদস্যুদের হাতে এখনো জিম্মি আছে আরো ১৭ জেলে। উৎকণ্ঠায় দিন কাটছে এসব পরিবারের সদস্যদের।

বিজ্ঞাপন

কখন ফিরবেন স্বজনেরা, সেই অপেক্ষায় পথ চেয়ে আছেন তাদের পরিবার। অপহৃত জেলেদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার জেলে উদ্ধারের তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার দুপুর দুইটার দিকে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ।

অভিযানে সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। তারা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকা থেকে ২১ জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া যায়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রের অভিযোগ, এসব ঘটনায় মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জড়িত। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও পাঁচটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন