ঝিনাইদহের পৌর এলাকার হাটবাজার থেকে নিয়মবহির্ভূত অতিরিক্ত খাজনা ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ঝিনাইদহের সাধারণ ব্যবসায়ীরা। ইজারাদারের বিরুদ্ধে খাজনার নামে লাগামহীন চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে নতুন হাটখোলা বাজার ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে মৎস্য আড়তদার বাদশা বুলবুল, আব্দুল করিম মিয়া, কাঁচামালের আড়তদার হুমায়ন কবির কল্লোল ও মাংস ব্যবসায়ী মিজানুর রহমানসহ অর্ধশত ব্যবসায়ী ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের দাবি, জেলা প্রশাসন ও পৌরসভার নাম করে অতিরিক্ত ইজারামূল্য নির্ধারণের অজুহাত দেখিয়ে ইজারাদার খেয়ালখুশি মতো ইজারা নিচ্ছেন। খাজনা রসিদ ছাড়াও ইজারাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে।
বাদশা মিয়া ও হাফিজুর রহমান নামের দুই ব্যবসায়ী অভিযোগ করে জানান, আগে ৪০ কেজির এক মণ কাঁচামালের খাজনা ছিল চার টাকা। এখন সেই খাজনা মণপ্রতি বেড়ে ১৬০ টাকা করে দিতে হচ্ছে।
কুরবান আলি ও হাবিবুর রহমান জানান, ঝিনাইদহ নতুন হাটখোলায় একটা খাসি ছাগল বিক্রি হলে জোরপূর্বক দুই হাজার টাকা খাজনা আদায় করা হচ্ছে। অথচ আগে তাদের এত টাকার খাজনা দিতে হয়নি।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের অভিযোগ আমলে নিয়ে প্রশাসন যদি খাজনা আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ না করে তাহলে হাটবাজার বন্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে নতুন হাটখোলার ইজারাদার আক্তার হোসেন ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে জানান, আগে যেমন খাজনা আদায় করা হতো এখনো সেই নিয়মেই খাজনা আদায় হচ্ছে। নিয়মের বাইরে কিছু করা হচ্ছে না।
তিনি আরো বলেন, ঝিনাইদহ পৌরসভাকে খাজনার সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও তারা তা দিচ্ছেন না। এই কারণে কিছুটা সমস্যা হচ্ছে।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, দ্রুত খাজনার তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। যাতে ব্যবসায়ীরা তালিকা দেখে দেখে খাজনা দিতে পারে। তিনি বলেন, অতিরিক্ত খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিলে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, খাজনার নামে ইজারাদারের লোকজন যদি বেশি টাকা আদায় করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক টাকাও যাতে বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা যদি লিখিত অভিযোগ দেন তবে তদন্ত করে হাটের ইজারা বাতিল করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

