কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি
দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলি এক বাংলাদেশি নাগরিক পায়ে বিদ্ধ হয়। এ ঘটনার পর সীমান্তবর্তী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

এতে আরো জানানো হয়, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহল দল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং বাংলাদেশের সীমান্তে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি ছোড়ে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির সার্বিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্ট করে জানায়, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন