কুষ্টিয়ার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকায় দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে। রোববার তাদের এই শোকজ করা হয়। এর আগে শনিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক এক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অব্যবস্থাপনা দূরীকরণ ও গত শুক্রবার রাতে স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের মনোমালিন্য নিরসনের জন্যই আকস্মিক অভিযানে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। এ সময় সাংবাদিকেরা হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুললে তিনি অতি দ্রুত সেগুলো নিরসনের আশ্বাস দেন। এ সময় তিনি বহির্বিভাগে এসে দেখেন, তিনজন চিকিৎসকের মধ্যে দুজন কোনো কারণ ছাড়াই অনুপস্থিত। জানতে পারেন, তাদের মধ্যে একজন সপ্তাহে তিন থেকে চার দিন, আরেকজন চার থেকে পাঁচ দিন আসেন। সেখানে মেডিসিনের জুনিয়র চিকিৎসক কাজী নাজমুল হক শাওন রবি, সোম ও বৃহস্পতিবার বহির্বিভাগে রোগী দেখেন। শনিবার ফিঙ্গার ও হাজিরা স্বাক্ষর দিয়ে চলে যান। সার্জারি বিভাগের চিকিৎসক মো. ইকরামুল হক রবি ও বুধবার আসেন। অর্থোপেডিক্স চিকিৎসক মো. ওবায়দুর রহমান রবি ও বুধবার বাদে চার দিন আসেন। কিন্তু হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষরে গরমিল লক্ষ করা গেছে।
অনুসন্ধানে উঠে আসে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি করাতে বাইরে থেকে ইসিজি মেশিন এনে জনপ্রতি ২৬০ টাকা নেওয়া হয়। বিষ খাওয়া রোগীর বিষ তোলার ক্ষেত্রে এখানে রোগীপ্রতি ২-৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ আছে। বিদ্যুৎ চলে গেলে ক্যাপাসিটির দোহাই দিয়ে জেনারেটর চালানো হয় না। রোগীদের হাসপাতাল থেকে দেওয়া অস্থায়ী বেডশিট না দেওয়া, প্রয়োজনীয় ওষুধ ও খাওয়ার সামগ্রী প্রদান না করার অভিযোগও উঠে এসেছে।
এ সময় ডা. জাহিদ রায়হান বিষয়গুলো দ্রুত সমাধান করতে জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম কামাল হোসেন ও উপজেলা কর্মকর্তা মিজানুর রহমানকে নির্দেশ দেন।
জাহিদ রায়হান বলেন, এর পরও যদি এগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে, তাহলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিধি মোতাবেক প্রত্যেক চিকিৎসককে ছয় দিন অফিস করার নির্দেশনা দেন। সরকারি নির্দেশ অমান্যকারীদের শোকজ করারও নির্দেশনা দেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অতিরিক্ত ডিজি মহোদয় আকস্মিক পরিদর্শনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরিদর্শনের সময় দুজন চিকিৎসক অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। রোববার সকালে তাদের শোকজের চিঠি ইস্যু করা হয়। দুই চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ডিজি মহোদয় যেহেতু সাংবাদিকদের সামনে নামগুলো বলেননি, সেহেতু আমি তাদের নাম বললে জিনিসটা খারাপ দেখায়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

