দীর্ঘ প্রশাসনিক জটিলতার পর ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর লাশ উত্তোলন করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে হাসমতের লাশ তোলা হয়। আনুষ্ঠানিকতা শেষে প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে মৃত হাসমত মোহাম্মদীর আপন ভাই ইমাল মোহাম্মদী লাশটি গ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল মহেশপুরের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমতের লাশ উদ্ধার করে পুলিশ ও বিজিবি।
পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।
পরবর্তীতে ফেসবুক ও সামাজিক মাধ্যমে ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। দীর্ঘ প্রায় দুই মাস ভাইয়ের লাশ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আশায় বাংলাদেশে অবস্থান করছিলেন ইমাল মোহাম্মদী। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হলো।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

