পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আদায় বাড়ানো গেলে দেশের জাতীয় অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।
সোমবার বিকেলে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারসাম্য আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, বেনাপোল দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এ বন্দরের কার্যক্রম যত বেশি গতিশীল ও সক্ষম হবে, সরকারের রাজস্ব আহরণ তত বাড়বে। আর রাজস্ব আয় বৃদ্ধি পেলে তার ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।
তিনি আরো বলেন, বন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সেবার মান বাড়ানোর পাশাপাশি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার ওপরও গুরুত্ব দিতে হবে।
বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নীসহ শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহ-সভাপতি আতিকুজ্জামান সনিসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

