কুষ্টিয়ায় ট্রাকচাপায় নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। নিহত রুপল কুষ্টিয়া শহরের ডা. আবুল কাশেম লেন আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুপল মোটরসাইকেলে কুমারখালী উপজেলা থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে লাহিনী বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়।
রুপলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

