বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বেলাল উদ্দীন সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে গ্রহণ করেননি। তিনি সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন। দক্ষ সাংবাদিক হিসেবে ভালো মিডিয়া হাউজ থেকে চাকরির প্রস্তাব পেলেও তিনি দৈনিক সংগ্রামের সাথে আমৃত্যু অবস্থান করেছিলেন। শেখ বেলালউদ্দিন অসংখ্য সাংবাদিক সৃষ্টি করেছিলেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি নিজেও তার অনুপ্রেরণায় সাংবাদিকতা শুরু করেছিলাম।
বক্তব্য রাখতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়া মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদ সাংবাদিক বেলালের আদর্শকে ধারণ করে আগামীর পথ চলতে হবে। তিনি একুশে পদকের জন্য সাংবাদিক বেলালের নামের প্রস্তাব যথাসময়ে মন্ত্রণালয়ে পাঠাতে ব্যবস্থা গ্রহণ, সড়কের নামকরণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং হত্যা মামলার বিষয়ে পদক্ষেপ নিতে সহযোগিতার অঙ্গীকার করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এমইউজে খুলনার সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক সংগ্রামের সাবেক খুলনা ব্যুরো প্রধান, খ্যাতিমান সংগঠক ও সমাজসেবক শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঘোষিত দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মো. নূরুজ্জামান, আশরাফুল ইসলাম নূর, মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, মো. আনিসুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ দিদারুল আলম, এইচ এম আলাউদ্দিন, মো. তরিকুল ইসলাম, আবুল হাসান হিমালয়, সৈয়দ তরিকুল ইসলাম, আহমদ মুসা রঞ্জু, ড. ফোরকান আলী, মাশরুর মুর্শেদ, আবুল হাসান শেখ প্রমুখ। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে এমইউজে খুলনা ঘোষিত দুইদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এমইউজে খুলনার উদ্যোগে রায়েরমহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের কবর জিয়ারত এবং যোহরবাদ খুলনা প্রেসক্লাবের নামাজের স্থানে দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাতবরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

