মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
গতকাল রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্রনেতা এস এম সুইট বলেন, "আমরা যদি প্রতিবাদের ভাষা জারি রাখতে পারতাম, বিগত সরকারের যদি সদিচ্ছা থাকতো, তাহলে আজ আছিয়ার মতো আমাদের বোনদের এই পরিণতি হতো না। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এসব করার দুঃসাহস না দেখায়।"
সমাবেশে উপস্থিত বক্তারা সরকারের কাছে প্রশ্ন রাখেন, বিগত সরকার বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাঁচিয়ে দিতো, কিন্তু আপনারা এখন করছেনটা কী? দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন আর ৬ মাসের আইনের কথা শুনতে চায় না। মানুষ চায় যখনই ঘটনা তখনই বিচার। বিচার করতে না পারলে গদি ছেড়ে দিন।
আছিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

