মোংলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় যুবদল কর্মী গুরুতর জখম

মোংলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় যুবদল কর্মী গুরুতর জখম

বাগেরহাটের মোংলায় আবারও রক্ত ঝরল। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হলেন যুবদলের এক কর্মী।

বৃহস্পতিবার রাতে মোংলা বাজার মামার ঘাট এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত যুবদল কর্মীর নাম ইয়ার হোসেন (৩২)। তিনি সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং বর্তমানে মোংলা পৌর যুবদলের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি, রড, লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে।

ইয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনতা ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা দুই হামলাকারী কামাল ও ইউসুফকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। তার মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, সন্ত্রাসীরা রাজনৈতিক ভিন্নমত সহ্য করতে না পেরে বারবার দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনিসুর রহমান আমার দেশকে বলেন, ‘ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন