ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন।
বুধবার সকালে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৫৫) আর আহতরা হলেন আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমসের আলী মোল্লার ছেলে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সামাজিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে।
জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আওয়ামী লীগের দোসরা ঘাপটি মেরে থেকে এলাকায় নৈরাজ্য করছে। ফ্যাসিস্টদের অপকর্ম দমাতে ও নৈরাজ্য ঠেকাতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি সংঘর্ষে আহত রোগীদের হাসপাতালে এসে খোঁজ খবর নেন। এমনকি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

