বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও সড়ক অবরোধ

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও সড়ক অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার চূড়ান্ত গেজেটের প্রতিবাদে সকাল থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

জানা গেছে, জেলার প্রধান প্রধান সড়ক ও অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি, গাড়ি ও বেঞ্চ ফেলে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। এর মধ্যে বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ চলছে।

হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল আটটা থেকে শহরের অফিস আদালতের সামনে অবস্থান করায় সকল অফিস আদালতে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এদিকে মোংলা পোর্টে সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। রাস্তায় যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। তবে শান্তিপূর্ণ এই হরতালে বাগেরহাট জেলা জুড়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল থেকে এসব কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অ্যাডভোকেট ওয়াদুদ সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, ফকির তারিকুল ইসলামসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এবং সকাল থেকে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে সড়কের বিভিন্ন পয়েন্ট বিক্ষোভ মিছিল বের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন