বাদল মোড়লের হত্যাকারীরা কোনভাবে পার পাবে না: ডেপুটি স্পিকার

বাদল মোড়লের হত্যাকারীরা কোনভাবে পার পাবে না: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

সন্ত্রাসীদের নৃশংস গোপন হামলায় আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং নিহত কৃষকদল নেতা শহীদ বাদল হত্যার প্রতিবাদে ১৭ই জুলাই সন্ধ্যা ০৭ ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রথমে শহীদ বাদলের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ বাদলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি বৃক্ষরোপণ করেন।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই বৃক্ষরোপণ শহীদ বাদলের স্মৃতিকে চিরসবুজ করে রাখার প্রতীক। কবর জিয়ারত শেষে ব্যারিস্টার কায়সার কামাল আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা শহীদ বাদল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে কৃষকদল নেতা শহীদ বাদলকে হত্যা করেছে এবং বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে গুরুতরভাবে আহত করেছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে শহীদ বাদল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শহীদ বাদলের রক্ত বৃথা যাবে না। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতেই হবে। আহত আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ৯০ ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম,জেলা বিএনপি'র সদস্য সচিব মুজাফফর রহমান আলম , জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনির ফরাজী,যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম স্থানীয় বিএনপি, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃন্দ। তারা নিহত শহীদ বাদলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন