ঝিনাইদহে হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা

ঝিনাইদহে হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

কোটচাঁদপুর থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে আসামি করে মঙ্গলবার ভোরে মামলাটি দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় ভারতে পলাতক হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পৃথক অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পুলিশ আরও জানায়, গত সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০-১৫ জন লোক নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি লাঠি জব্দ করে, যা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন