ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে পারাপার

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে পারাপার

দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোবারকগঞ্জ রেল স্টেশনে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে । এছাড়া ১ নম্বর প্ল্যাটফর্ম হতে ২ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নেই ফুটওভার ব্রিজ । এতে করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা । যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে ।

সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। যাতায়াতের সুবিধার জন্য বহুদিন থেকে ফুটওভার ব্রিজের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু সেটা এখনো হয়নি।

বিজ্ঞাপন

স্টেশনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন। ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রী ও স্থানীয় লোকজনকে । লাইনের অন্য পারে যেতে গেলে রেললাইনের ওপর দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এলাকাবাসী একাধিকবার ওই স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানালেও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে করে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। চালকরা দাবি করছেন, দলবেঁধে মানুষ রাস্তা পার হন । মোবারকগঞ্জ রেল স্টেশন গুরুত্বপূর্ণ জায়গায় অতি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রী পারাপারের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ। ১৯৫১ সাল থেকে এ স্টেশনে ট্রেন চলাচল করে থাকে। যে কারণে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে আসা-যাওয়া করতে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রায় ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত মোবারকগঞ্জ রেল স্টেশনটিতে অদ্যাবধি আধুনিকায়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। পুরাতন এ রেলওয়ে স্টেশনটিতে রয়েছে দুটি প্ল্যাটফর্ম তিনটি প্রধান লাইন ও একটি পার্শ্ব লাইন। প্রতিদিন রেলক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি ট্রেন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। ওই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার ট্রেনে ওঠানামা করতে যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়।

১ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে রেললাইন পার হয়ে ট্রেনে ওঠা লাগে, ট্রেন থেকে নামার সময় একই অবস্থায় পড়তে হয়। এ সময় বিশেষ করে নারী-শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েন চরম বিপাকে। শুধু তাই নয়, রেললাইন পার হতে গেলে যাত্রী সাধারণের শতভাগ নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়েই পার হতে হয়। দীর্ঘদিন ধরে এরকম অসহ্য বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে মোবারকগঞ্জ রেল স্টেশন ব্যবহারকারী যাত্রীরা।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাজাহান শেখের সঙ্গে কথা হলে তিনি জানান, স্টেশন আধুনিকায়ন কিংবা ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের আলাদা বিভাগ রয়েছে। এ ব্যাপারটি তারাই ভালো বলতে পারবেন। মোবারকগঞ্জ রেল স্টেশনে রুপসা, সীমান্ত, কপোতাক্ষ, সাগরদাঁড়ি, সুন্দরবন, চিত্রা, বেনাপোল, মহানন্দা রকেট ও নকশী কাঁথা এক্সপ্রেস নামক যাত্রীবাহী ট্রেনসহ প্রতিনিয়ত বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে চলছে মালবাহী ট্রেন। এসব ট্রেনে হাজার হাজার যাত্রী চলাচল করছেন। যাত্রীসেবার মান বাড়াতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া-আসা করতে কর্তৃপক্ষ অতিসত্বর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেবেন এমনটাই প্রত্যাশা যাত্রীদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন