আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আওয়ামী লীগের হামলায় বিএনপি কর্মী জখম

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

আওয়ামী লীগের হামলায় বিএনপি কর্মী জখম

বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে চ্যালাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনোজশীল (৪৭) বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মো. শাহীনুর রহমান শাহীন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে মনোজশীলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মনোজশীলের অভিযোগ, বুড়িরডাংগা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি রায়ের নেতৃত্বে ২-৩ জন সহযোগী তার ১০ কাঠার ঘের দখল করতে আসেন। তিনি বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি আরও দাবি করেন, আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। আমাদের অপরাধ আমরা বিএনপি করি। ৫ তারিখের ঘটনার প্রতিশোধ নিতেই তারা হামলা চালিয়েছে।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবি রায় অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান শাহীন বলেন, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন