ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের রমজান শেখের শিশুকন্যা মরিয়ম খাতুন (৭) ও সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অন্তর হোসেন (১৬)।
নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে অন্তর হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ কানের তীব্র ব্যথায় তার ঘুম ভেঙে যায়। পরে কানের ব্যথা না কমায় রাত ৩টার দিকে অন্তরকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা নিশ্চিত হন অন্তরকে সাপে দংশন করেছে। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছনোর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে অন্তর মৃত্যুবরণ করে।
অপরদিকে রাতে মরিয়ম তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার ভোররাতে ঘুম থেকে জেগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহীদ জানান, ভোররাতে মরিয়মকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ সাপের কামড়ের দুটি ক্ষত পাওয়া গেছে। রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার পরও চিকিৎসার মাঝপথে তার মৃত্যু হয়।
এদিকে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা সাপের কামড়ে দুজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

