ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করা হলেও তিনি ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির সদস্যরা বেসামরিক সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে পলিয়ানপুর পূর্বপাড়া এলাকায় আজিজুল ইসলামের গোডাউনের সামনে পাকা রাস্তায় এক মোটরসাইকেল চালককে থামানোর চেষ্টা করা হয়। এ সময় চালক মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আনছান আলীর ছেলে হামিদুল ইসলাম মোটরসাইকেল ও কোমরে
বাঁধা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাগটি খুলে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর মোট ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ
ঘটনায় থানায় মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

