ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে কয়েকটি পরিবার ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। সম্প্রতি রেজাউল ইসলাম ও তার সমর্থকেরা বাড়িঘরে ফিরতে শুরু করেন। এতে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। পরে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

