খুলনায় আলোচিত যুবদল নেতা মাহবুব আততায়ীর গুলিতে নিহত

খুলনায় আলোচিত যুবদল নেতা মাহবুব আততায়ীর গুলিতে নিহত

খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে (৪২) গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু'পায়ের রগ কেটে দেয়। ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

নিহত মাহবুবের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে এসেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ তার স্বজনরা। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, ৫ আগস্টের পরে মনে করেছিলাম সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাবে। কিন্তু তারা আগের মতো দাপট অব্যাহত রেখেছে।

বেপরোয়া সন্ত্রাসীরা শহরকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। দিনদুপুরে তিন সন্ত্রাসী এসে মাহবুবকে গুলি করলো। প্রথম গুলি কানের পাশে বিদ্ধ হলে জীবন বাঁচাতে সে পালানোর চেষ্টা করে। সে সময় তাকে জাপটে ধরে পরপর আরও কয়েক রাউন্ড গুলি করেছে। মৃত্যু নিশ্চিত করতে দুই পায়ের রগ কেটেছে। এরপর মাহবুবের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে তারা।

জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতির পক্ষ বিপক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটে।

ওই ঘটনায় ছাত্রদলের পক্ষ নিয়ে হামলায় অংশ নেয় যুবদল নেতা মাহবুব। বহিরাগতদের নিয়ে কুয়েট শিক্ষার্থীদের ওপর রামদা হাতে অ্যাকশনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এরআগে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে খানজাহান আলী থানা এলাকায় গেলে যুবদল নেতা মাহবুব তার কর্মী বাহিনী নিয়ে মঞ্জুর গাড়ি বহরে হামলা ও গ্লাস ভাঙচুর করেন। নিহত মাহবুবের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

দৌলতপুর থানার ওসি মীর আতাউর আলী আমার দেশকে জানান, মাহবুবুর রহমানের বিরুদ্ধে মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে থানায় মোট আটটি মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন