আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শুরু হতেই বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন ও মোংলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মোংলার শিশু পার্ক ও মেরিন ড্রাইভ এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে।

রমজান মাসজুড়ে পর্যটকশূন্য থাকলেও ঈদের ছুটিতে সেই চিত্র পাল্টে গেছে। ইতোমধ্যে মোংলার অধিকাংশ হোটেল ও রিসোর্টের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা ধারণা করছেন, ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত পর্যটকের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

বিজ্ঞাপন

পর্যটকদের স্বাগত জানাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিশেষ বিনোদনমূলক আয়োজন ও বিভিন্ন সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।

দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন। নদী, বন এবং বন্যপ্রাণীর অপার সৌন্দর্য উপভোগ করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সালমান খান বলেন, “সুন্দরবনে আসছি ঈদের ছুটির জন্য। এখানকার পরিবেশ অনেক সুন্দর। রাস্তাঘাটও মোটামুটি ভালো। প্রকৃতিটা উপভোগ করছি, পরিবারের সঙ্গে সময় কাটানো দারুণ অভিজ্ঞতা।”

ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রমজানে লোকসানের মুখে পড়া ব্যবসায়ীরা এখন নতুন উদ্দীপনায় কার্যক্রম চালাচ্ছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, “ঈদের ছুটিতে প্রতিদিন অন্তত হাজারো পর্যটক সুন্দরবনে অবস্থান করবেন। এতে পর্যটন খাতে ব্যবসার প্রসার ঘটবে এবং ধারাবাহিকতা বজায় থাকলে রাজস্ব বৃদ্ধিও সম্ভব।”

পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে, যা পুরো পর্যটন খাতকে আরও চাঙা করবে। হোটেল ও জলযান কর্তৃপক্ষও বিশেষ প্যাকেজ ও ছাড়ের ব্যবস্থা করেছে পর্যটকদের সুবিধার্থে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...