বেনাপোলে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

বেনাপোলে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে থেকে বিকাল পর্যন্ত যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কোলকাতা সেক্টরের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীনে ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য পদবীর বিজিবির ২২ সদস্যের প্রতিনিধিদল ও ভারতীয় কোলকাতার বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল অংশ নেন।

খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। এর মধ্যে সীমান্তে যে কোনো ধরণের প্রাণহানির ঘটনারোধে কার্যকর ব্যবস্থাগ্রহণ, ভারত থেকে মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে আরও বেশি তৎপর ও কার্যকরী ব্যবস্থাগ্রহণ করা, অবৈধভাবে সীমান্ত পারাপার বা অতিক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, সীমান্ত দিয়ে উভয় দেশের মধ্যে বিভিন্ন পণ্যের চোরাচালান রোধ বিশেষ করে স্বর্ণ চোরাচালান রোধে ব্যবস্থা গ্রহণে বিজিবি বিএসএফ একমত পোষণ করেন।

এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সকালে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দুই কিলোমিটার দূরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে আসা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন