কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সদস্যদের শাস্তি দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর অভিযোগ, প্রত্যেক ডিলারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে ডিলারশিপ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে জেলা প্রশাসক বলেছেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের জগতিস্থ মিলের গেটের সামনে কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির হামজা।
আমির হামজা বলেন, “নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, প্রত্যেকটি ডিলারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে। আমাদের আইওয়াশ করা হয়েছে। আমার আসনে ১৪টি সারের ডিলার আছে, ১৪টিই বিক্রি হয়ে গেছে। এর সঙ্গে যারা জড়িত আছে, তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিশেষ করে সভাপতি (কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান) যিনি আছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান আমার দেশকে বলেন, “মাননীয় সংসদ সদস্যের অভিযোগ ভিত্তিহীন। শতভাগ সততার সঙ্গে কমিটি দায়িত্ব পালন করেছে। তিনি অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সভাপতি লাকনুর রহমানসহ জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী।
কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে জামায়াতের সমাবেশ

সম্প্রতি সরকার কুষ্টিয়া সুগার মিলসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার পর মিলটি চালুর দাবিতে এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।
সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর সরকারের উদ্দেশে বলেন, সরকার কুষ্টিয়া সুগার মিলকে অলাভজনক দেখিয়ে বন্ধ করে রেখেছে। অথচ অতীতে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই মিলকে লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার নজির রয়েছে।
তিনি অবিলম্বে কুষ্টিয়া সুগার মিল চালুর দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, “আপনারা যদি না পারেন, তাহলে এই মিল আমাদের হাতে দিয়ে দিন। আমরা দেখিয়ে দেব, কীভাবে এই মিলকে লাভজনক করতে হয়।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

