করোনা প্রতিরোধে বাগেরহাটের মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে থার্মাল স্ক্যানারসহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি বন্দর এলাকায় প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরের শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে নিয়মিত। জেটিতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্যও একই স্বাস্থ্যবিধি কার্যকর করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামীকাল অফিস খুলছে। সেই সময় সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বন্দর হাসপাতাল থেকেও সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো শ্রমিক বা কর্মচারীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। এ জন্য দুটি হটলাইন নম্বরও চালু রাখা হয়েছে।
এদিকে বন্দরে কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে। আমদানি-রপ্তানিকারকরা নিয়মিত তাদের পণ্য লোড-আনলোড করছেন। এছাড়া বন্দরের ফেয়ারওয়ে ও অন্যান্য পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকেও পণ্য ওঠানামা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

