সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে চার নারীসহ আটজন আহত হয়েছেন। আহতদের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মেহেরুন্নেছা বেগম (৪০), মরিয়ম বিবি (৪৫), পারভীন আক্তার (২৪), খাদিজা আক্তার (২৬), গোলাম বারী (৫২), মনিরুল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৩)। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চিংড়িঘেরের মাছ লুটে বাধা দেওয়ায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, সাংগঠনিক সম্পাদক আনারুল এবং তার ভাই যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত সরকারের সময়ে তাদের সাড়ে তিন বিঘা জমি আনারুলের পরিবার দখল করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেলে তারা জমিটি পুনরুদ্ধার করে সেখানে চিংড়ি চাষ শুরু করেন।
তিনি আরও জানান, সম্প্রতি আনারুল ও তার পরিবারের সদস্যরা এলাকায় ফিরে এসে ঘের দখলের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে আনারুল, সিরাজুল ও শাহিনের নেতৃত্বে ২২ থেকে ২৩ জনের একটি দল তাদের চিংড়িঘেরে হামলা চালিয়ে মাছ লুটের চেষ্টা করে।
মনিরুলের দাবি, ঘের পাহারার দায়িত্বে থাকা গোলাম বারী ও রবিউল ইসলাম বাধা দিলে হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের নারী সদস্যসহ অন্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার নারীসহ আটজন রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনারুল বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষ তাদের নামে রেকর্ডভুক্ত জমি দখল করে মাছ চাষ শুরু করে। নিজেদের জমি উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি দাবি করেন, “মনিরুল ও তার লোকজন নিজেরাই শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে।”
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, “পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আহত মনিরুল ইসলাম সোমবার রাতে থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মামলার প্রস্তুতি চলছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

