ছয়জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত বিজিবির

ছয়জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত বিজিবির
ছবি: আমার দেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ানের সিঙ্গামোড়া ক্যাম্পের সদসছয়জন অজ্ঞাতনামা ছয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। ওই দলে চারজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির বিজিবির একটি টহল দলের নজরে আসে। বিজিবির তৎপরতায় বাধা পেয়ে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনাটির বিষয়ে ইতিমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অনপ্রবেশ ও পুশ-ইন রোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি জোরালো ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন