সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা (বউবাজার) এলাকার একটি পুকুর থেকে বীথিকা রানী ঘোষ নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা ও মুখমণ্ডল থেঁতলে তাকে হত্যা করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বউবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। তবে নির্ধারিত সময়ে তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, এলাকায় মাদকসেবীদের উৎপাত দীর্ঘদিনের। নিহতের হাতে থাকা স্বর্ণের রুলি, গলায় স্বর্ণের চেইন ও কানের দুল খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তার মাথা ও মুখমণ্ডলে ইট বা ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে লাশ পানিতে ফেলে যায় বলে অভিযোগ তাদের।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

