খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ। একই ঘটনায় হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। গত বুধবার রাতে খুলনা সদর থানার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের এজাহার ও এমইউজে সূত্রে জানা গেছে, খুলনা সদর থানার এসআই তানজির রহমান বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাতে খুলনা সদর থানার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে আব্দুল জলিল শেখের চায়ের দোকানের সামনে সাংবাদিক আব্দুল আওয়াল শেখ, সৈয়দ হুমায়ুন কবীর রানা, রকিবুল ইসলাম মতি, রফিউল ইসলাম টুটুল এবং খুলনা সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক লেলিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
এ সময় সাতরাস্তার মোড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সাংবাদিক রকিবুল ইসলাম মতির বসে থাকা টুলে আঘাত করার পর সাংবাদিক আব্দুল আওয়াল শেখের বুকের ডান পাশ স্পর্শ করে বেরিয়ে যায়। এতে তিনি আহত হন। গুলিবর্ষণের পর হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত আব্দুল আওয়াল শেখকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে ওই রাতের ঘটনার বিবরণে বলা হয়, গুলিবর্ষণের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
এ হামলার প্রতিবাদে এমইউজে তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো- সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তরের সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সদস্য এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

