মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান, যাত্রীদের অর্থ ফেরত

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান, যাত্রীদের অর্থ ফেরত

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে যাত্রীদের অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড জনসাধারণের অধিকার রক্ষা, হয়রানি প্রতিরোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

তিনি জানান, এই ধারাবাহিকতায় গত ১৫ জুন (রোববার) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোংলা থেকে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে অতিরিক্ত আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছে ফেরত দিতে বাধ্য করা হয়।

এছাড়া অভিযুক্ত পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার মুচলেকা গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয় যাত্রীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন