নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কয়রাপাড়া গ্রামে খাদিজা আক্তার মুন্নী (২০) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ফেলে পালিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সোনাপুর গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার সেনারামপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে খাদিজা আক্তার মুন্নীর সঙ্গে কয়রাপাড়া গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মুন্নীর ওপর নির্যাতন করতো।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগের চাচা মুন্নীর বাবার বাড়িতে ফোন করে জানান, মুন্নী অসুস্থ, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এ খবর পেয়ে মুন্নীর স্বজনরা রাতেই কয়রাপাড়া গ্রামে যান। সেখানে গিয়ে দেখেন মুন্নীকে গলাটিপে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ।
পরে স্বজনরা পুলিশকে খবর দিলে মোহনগঞ্জ থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা রাতেই লাশ উদ্ধার করেছি। এখনো থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় মুন্নীর পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

