নেত্রকোনার মদনে জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে জমি নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে পাবেল ইয়ার চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আল মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ওই নামজারি বাতিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে আল মামুন মাঘান ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও এক সদস্যের স্বাক্ষর জাল করে একটি ওয়ারিশান সনদ তৈরি করেন। পরিবারের ছয় সদস্যকে না জানিয়ে ওই সনদের ভিত্তিতে নয় একর জমি নামজারি করে নেন তিনি।
অভিযোগে দাবি করা ওয়ারিশান সনদের স্মারক নম্বর ‘মা/মদন/নেত্র/২০২৬-২৭/০৩’ এবং এতে তারিখ উল্লেখ রয়েছে ৭ জুলাই ২০২৬।
অভিযোগে আরও বলা হয়, নামজারির আবেদন করা হয় ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। একই দিন আবেদন গ্রহণ, ২০ সেপ্টেম্বর খসড়া খতিয়ান প্রস্তুত ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার প্রতিবেদন পাঠানো, ২১ সেপ্টেম্বর শুনানির আদেশ, অফিস সহকারীর প্রতিবেদন ও নামজারি খতিয়ান প্রস্তুত এবং ২২ সেপ্টেম্বর ডিসিআর পরিশোধ ও খতিয়ান প্রদান করা হয়। অর্থাৎ পাঁচ দিনেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়।
নামজারির পর জমির মালিকানা দাবি করে আল মামুন ঘাটুয়া গ্রামের বাজারে বিষয়টি প্রচার শুরু করেন। খবর পেয়ে জমির মালিকের নাতি পাবেল চৌধুরী ৪ অক্টোবর ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারি বাতিলের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর নামজারি বাতিল করা হয়।
জাল ওয়ারিশান তৈরি করে নামজারি করার অভিযোগে আল মামুনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এর আগেও আল মামুন পাবেল ইয়ার চৌধুরীর বাড়ি থেকে বসতঘরের ঢেউটিন খুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায়ও তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে আল মামুন বলেন, ওয়ারিশান সনদটি পাবেল ইয়ার চৌধুরীই তাকে দিয়েছেন এবং তিনি কোনো কাগজপত্রে স্বাক্ষর জাল করেননি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিস মিয়া বলেন, ওই সনদে তিনি বা অন্য কেউ স্বাক্ষর করেননি; এটি একটি ভুয়া ওয়ারিশান।
মাঘান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিরন মিয়া বলেন, এমন কোনো ওয়ারিশান সনদে তিনি স্বাক্ষর করেননি। স্বাক্ষর জাল করে ওয়ারিশান তৈরির বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দেওয়ার কথা জানান তিনি।
ইউপি প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, তার স্বাক্ষরে এমন কোনো ওয়ারিশান সনদ দেওয়া হয়নি।
এ বিষয়ে ইউএনও এম এ কাদের বলেন, আগে অভিযোগ প্রমাণিত হোক, তারপর দেখা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার অন্যত্র বদলি হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

