বাসের ধাক্কায় ধান বোঝাই ট্রলি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

বাসের ধাক্কায় ধান বোঝাই ট্রলি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সুবহান আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এম.কে সুপার পরিবহনের একটি বাস বিকেল চারটার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি ধানবাহী ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায় এবং তিনি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটি আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন