পুশইন ঠেকাতে সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্থানীয়রা

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

পুশইন ঠেকাতে সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্থানীয়রা

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে স্থানীয়রাও রাত জেগে পাহারা দিচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার রাত থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে রাতদিন পাহারা দিচ্ছেন বিজিবি। পুশইন ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি জোরদার করায় এলাকায় স্বস্তি ফিরলেও সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লোকজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে যাচ্ছে। এ পরিস্থিতিতে জামালপুরের সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করে। সীমান্ত সুরক্ষায় ও দেশের নিরাপত্তার জন্য স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করে যাচ্ছে স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে. কে. সেলিম মিয়ার উদ্যোগে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হয়। পরে গ্রাম পুলিশ, আনসার ও স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে রাতভর সীমান্ত এলাকায় পাহারায় অংশ নেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা ঠেকাতে তারা সতর্ক রয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে এলাকাবাসী নজরদারি চালাচ্ছেন। বিজিবিকে স্থানীয় এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন