মোটরসাইকেল চুরির সংবাদ প্রকাশ: আমার দেশ প্রতিনিধির ওপর হামলা

মোটরসাইকেল চুরির সংবাদ প্রকাশ: আমার দেশ প্রতিনিধির ওপর হামলা
টিসিবির চাল চুরির দায়ে গ্রেপ্তার বহিস্কৃত যুবদল নেতা শামসুল হক চ্যাম্পিয়ন।

নেত্রকোনার মদনে মোটরসাইকেল চুরির সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন অনলাইন পোর্টালে বহিষ্কৃত লেখায় যুবদল নেতা শামসুল হক চ্যাম্পিয়ন শনিবার সন্ধ্যায় মদন পৌরসদরের নতুন বাজারে এ হামলা চালান। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাতেই নিজাম উদ্দিন মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিজ্ঞাপন

শামসুল হক চ্যাম্পিয়ন চানগাঁও ঠাকুরবাড়ির মৃত আব্দুস সোবানের ছেলে। হামলার শিকার সাংবাদিক নিজাম উদ্দিন তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর সঙ্গে তিনি মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সম্প্রতি জানাজার নামাজ থেকে বহিষ্কৃত যুবদল নেতার একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে সেই মোটরসাইকেলটি গত ২৫ সেপ্টেম্বর উদ্ধার করে। বহিষ্কৃত আরেক ছাত্রদল নেতা মোটরসাইকেল চুরি করায় এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। কিন্তু কিছু সংখ্যক অনলাইনে যুবদল নেতার বহিষ্কৃত হওয়ার বিষয়টি উল্লেখ করায় ক্ষিপ্ত হন শামসুল হক চ্যাম্পিয়ন।

শনিবার সন্ধ্যায় শামসুল হক ফোন করে সাংবাদিক নিজাম তালুকদারকে নতুন বাজারে দেখা করতে বলেন। সেখানে নিজাম উদ্দিন উপস্থিত হতেই গালমন্দ শুরু করেন শামসুল হক। চিৎকার করে বলতে থাকেন, তুই আমার বিরুদ্ধে চাল চুরির নিউজ করাইছো, এখন আবার আমার নামে উল্টাপাল্টা নিউজ করাইছিস।

এ কথা বলেই তার ওপর হামলা চালিয়ে কিলঘুষি ও লাথি মেরে আক্রমণ শুরু করেন শামসুল হক। পরে উপস্থিত লোকজন নিজাম উদ্দিনকে নিরাপদ স্থানে নিয়ে যান। এ ঘটনায় সাংবাদিক নিজাম উদ্দিন শনিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে সাংবাদিক নিজাম উদ্দিন বলেন, শামসুল হক চ্যাম্পিয়ন চাল চোরাকারবারির দায়ে গ্রেপ্তার হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই আমার ওপর ক্ষিপ্ত। গতকাল শনিবার সন্ধ্যায় ফোন করে দেখা করতে বলে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে শামসুল হক চ্যাম্পিয়ন জানান, আমি এই বিষয়ে কিছু জানি না। কোনো সাংবাদিকের সঙ্গে আমার ঝামেলা হয়নি।

মদন থানার ওসি সালাউদ্দীন করিম জানান, এ ঘটনায় মদন থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন